উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তবে কোনো করিডর বা ট্রানজিট হবে না। মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চের কথা স্মরণ করে তিনি জানান, প্রয়োজনে তাঁরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত রয়েছেন।
অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ বলেন, সরকার বিভিন্ন দুয়ারে ঋণের জন্য ঘুরলেও কেউ বিশ্বাস করে ঋণ দিচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের চুক্তি জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়ে তিনি বলেন, এই চুক্তিতে ভারতকে কোনো অবৈধ করিডর দেওয়ার চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।
সংবিধান সংশোধন ও শ্রমিকদের আন্দোলন সম্পর্কে নাহিদ ইসলাম অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। এ ছাড়াও তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন না বাড়ার বৈষম্যের সমালোচনা করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান। সম্মেলনটি সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ফরহাদ সোহেল।