উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার থেকে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দিনে নির্ধারিত স্থান বাদ দিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং টিকিট না কাটার চিত্র দেখা গেছে।
বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে নন-এসি বাস চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে ভিআইপি পরিবহনকে। তবে বিমানবন্দরের সামনে এই কোম্পানির বাসগুলোকে মূল সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করতে দেখা যায়।
বাসের চালকের সহকারী মো. সোহেল জানান, আজকেই শুরু হয়েছে এবং কাল থেকে তাঁরা গেটলক সার্ভিস চালু করবেন। প্রাথমিকভাবে এই কার্যক্রমে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা নিয়ে পুরোনো বাস দিয়েই সেবা শুরু হয়েছে।