উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর ২০২৬) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও অসন্তোষের মধ্যে সরকারের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
গার্মেন্টস শিল্পের জন্য পৃথকভাবে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের একটি বড় অংশের পক্ষ থেকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হচ্ছে। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে এখনো নতুন বেতনের পরিমাণ চূড়ান্ত করা হয়নি। বোর্ডের সুপারিশ ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে নতুন মজুরি কাঠামো।