উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষ যুব গড়ছে দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রোববার ১ নভেম্বর উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। দিবসটির শুরুতে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সকাল সাড়ে ১০টায় অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন পড়াশোনা শেষে চাকরি না মিললে পোল্ট্রি ফার্ম বা গরুর খামার করে নিজে স্বাবলম্বী হোন এবং অন্যকে স্বাবলম্বী করুন। পরিশ্রম সবসময় নিজের সাফল্য এনে দেয় এ কথা খেয়াল রেখে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন ও সদরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ মামুন শাহ। এছাড়া সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদুরূতজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন যুব ক্লাবের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দুপুর ১২টায় সফল আত্মকর্মসংস্থান ও যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে কিছু গাছের চারা রোপণ এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।