উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে অনুমোদন পেয়েছেন বিএনপির দুঃসময়ের লড়াকু সৈনিক ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই এডহক কমিটি অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৮৪৫ স্মারকে ২১ বৈশাখ ১৪৩৩, ৪ মে ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শৈশব থেকেই ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ ছিল গোলাম কিবরিয়া সাঈদের এবং খেলাধুলাকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২-এর উপধারা (৩) ও ধারা ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এডহক কমিটির মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং খেলাধুলার প্রসার ঘটবে।
এ বিষয়ে গোলাম কিবরিয়া সাঈদ বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে আমাদের দৃঢ় মনোবল ও সদিচ্ছা ভালো কিছু বয়ে আনতে পারে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততার সঙ্গে পালন করে যাব এবং জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।