উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। গতরাতে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন এই লেগ স্পিনার। জিম্বাবুয়ে ব্যাটার তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লিউ আউট করার মাধ্যমে ক্যারিয়ারের ১২০তম টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ২০১০ সালে প্রথম ৫০ উইকেট নিয়েছিলেন শহিদ আফ্রিদি, ২০১৯ সালে প্রথম ১০০ উইকেট পূর্ণ করেন লাসিথ মালিঙ্গা এবং ২০২৪ সালে দেড়শ উইকেটের কীর্তি গড়েন টিম সাউদি।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ উইকেট শিকার করেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। এছাড়া ১৬৫টি করে উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন হংকংয়ের এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি। রেকর্ড গড়া এই ম্যাচটিতে জিম্বাবুয়েকে ১৯ রানে পরাজিত করেছে আফগানিস্তান। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল আফগানরা, এর আগে তারা প্রথম টি-টোয়েন্টি জিতেছিল ৩৭ রানের ব্যবধানে।