উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছে। সফরে অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সফরকালে প্রতিনিধি দলটি দক্ষিণ কোরিয়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এছাড়া স্যামসাং, হানওয়া ওশান, নাভার, ইয়ংওয়ান, ফিউরিওসাএআই, এলজি এআই রিসার্চ, এসকে গ্যাস, কোইকা এবং কোরিয়া এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সাথেও বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে।
বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত আলোচনায় এডিবি পরিচালিত ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগ বিশেষ গুরুত্ব পাবে। এ উদ্যোগ বাস্তবায়নে ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় আনুমানিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চাহিদা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা থাকা অননুমোদিত ১৭টি সরকারি প্রকল্পও চিহ্নিত রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।