উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতারা মন্তব্য করেছেন যে, কেবল শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর কোনো মৌলিক রূপান্তর ঘটেনি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সভায় বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার কেন্দ্রীভবন এখনো বিদ্যমান এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে বারবার সরকার বদল হলেও ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রের নীতিনির্ধারণ, সম্পদ বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো অধরা রয়ে গেছে।
সভায় সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য শরীফ ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদের অঙ্গীকার পূরণে নির্বাচিত সরকার ব্যর্থ হচ্ছে। তিনি রাষ্ট্রক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীভূত করার ওপর জোর দেন এবং রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার যথাযথ পৃথক্করণ নিশ্চিত করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ বলেন, সংসদের উচ্চকক্ষে সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে আইন প্রণয়নে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে। জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব সভাপতির বক্তব্যে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার দাবি জানান।