উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের জলন্ধরে সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৪ মিনিটে আবু কামাল আজরাইয়ের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আজরাই। তবে ২৬ মিনিটে বাংলাদেশের আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।
২৯ মিনিটে মালয়েশিয়ার আখিমুল্লাহ আনুয়ার গোল করলে প্রথমার্ধ ৩-১ ব্যবধানে শেষ হয়। তৃতীয় কোয়ার্টারের ৩২ ও ৩৩ মিনিটে আজিমুদ্দিন কামারউদ্দিন ও শেলো সিলভেরিয়াস গোল করে ব্যবধান ৫-১-এ নিয়ে যান। ম্যাচের ৫০ মিনিটে আইমান রোজেমি ষষ্ঠ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।
এর আগে আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩-০ এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১ ও ২ নভেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং চীনের মুখোমুখি হবে বাংলাদেশ দল।