উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভবিষ্যতে প্রোটিনের নতুন উৎস হিসেবে তেলাপোকার দুধের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই বিশেষ প্রোটিনসমৃদ্ধ তরল নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি এক্সে এক শব্দের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিষয়টিকে ‘ঘিনঘিনে’ বলে মন্তব্য করেছেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা তাদের ভ্রূণের পুষ্টির জন্য এই তরল তৈরি করে, যা পরে ক্রিস্টালে পরিণত হয়। বিজ্ঞানীদের মতে, এই ক্রিস্টালে সাধারণ গরুর দুধের তুলনায় অনেক বেশি প্রোটিন ও পুষ্টি উপাদান রয়েছে। তবে এটি সংগ্রহ করা অত্যন্ত শ্রমসাধ্য এবং জটিল একটি প্রক্রিয়া।
বর্তমানে গবেষকরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বা জিন প্রকৌশল ব্যবহার করে এই প্রোটিন তৈরির সম্ভাবনা যাচাই করছেন। তবে উৎপাদন খরচ, খাদ্যনিরাপত্তা এবং মানুষের মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তেলাপোকার দুধ সাধারণ মানুষের খাদ্যতালিকায় যুক্ত হতে এখনো অনেক সময় প্রয়োজন।