উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন আনন্দের বদলে শোকের স্মৃতিতে ভারী হয়ে উঠেছে বাবা সাজ্জাদুল মিরাজের মন। শনিবার ছেলের পরীক্ষার ফল হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মিনহাজুল ইসলাম রোজান ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই মেধাবী শিক্ষার্থী। প্রকাশিত ফলে দেখা যায়, জীববিজ্ঞান বাদে অন্যান্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে রোজান। তবে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় শুধু এই বিষয়টিতে অকৃতকার্য দেখানো হয়েছে। গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রোজান। এরপর হাসপাতালে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রথম আলোকে বাবা সাজ্জাদুল মিরাজ জানান, পরীক্ষা দিতে পারলে ছেলের ফলাফল আরও ভালো হতো। চতুর্থ বিষয় বাদ দিয়ে তার ফল জিপিএ ৪ দশমিক ৩৩ হয়েছে এবং জীববিজ্ঞানে এ প্লাস পেলে চূড়ান্ত ফলাফল হতো জিপিএ ৪ দশমিক ৮৩। ছেলের অসুস্থতা ও মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন মা–বাবা। পরীক্ষার চাপের পাশাপাশি ছেলের ডায়াবেটিস ছিল, তা তাঁরা আগে জানতেন না বলে জানান বাবা সাজ্জাদুল মিরাজ ও মা ফাহমিদা আক্তার। পরিবারের অভিযোগ, গত ৬ আগস্ট অসুস্থ হওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি। ১৩ আগস্ট আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রক্তে শর্করার মাত্রা ৩৮ মিলিমোল/লিটারে পৌঁছালে প্রথম ডায়াবেটিসের কথা জানতে পারেন তাঁরা। রোজানের পরিবার জানায়, সে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বেও এগিয়ে ছিল এবং টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে। অমায়িক ব্যবহারের কারণে শিক্ষক ও সহপাঠীদের প্রিয়ভাজন রোজান পড়াশোনার পাশাপাশি বিএনসিসির সঙ্গেও যুক্ত ছিল।