উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধান সংশোধনের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সনদের কিছু বিষয় সাধারণ আইন করে বাস্তবায়ন করতে হবে, আবার কিছু বিষয় বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। সংবিধানের ধারাবাহিকতা ও আইনি কাঠামো উপেক্ষা করে যা বাস্তবায়নের দাবি, তা গায়ের জোরের শামিল।
আজ শনিবার দুপুরে রাজধানীর মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে।
দেশের জ্বালানিসংকট ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি চলছে। বৈশ্বিক এই সংকটের প্রভাব দেশের ওপর পড়ছে। অথচ বিরোধী দল এর দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান বিকল্প উৎস হিসেবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি ও গ্যাস এনে দেশের কলকারখানা সচল রাখার চেষ্টা করছেন।
স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা।