উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা: যুবসমাজকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে
..............................
আব্দুল্লাহ আল শামস
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের সদ্য সাবেক সদস্যসচিব মো. মাইনুল ইসলামের নেতৃত্বে ও সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলার কৃতী সন্তান মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক মেয়র মো. সাইদুর রহমান মন্টু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, যুবদল বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান শক্তি। দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবশক্তিকে দেশ গঠনের কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যেই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে যুবসমাজকে দেশের উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।
গোলাম মোস্তফা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হলে সুশৃঙ্খল থাকতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান মন্টুও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মূলমন্ত্র ‘যুব-ঐক্য-প্রগতি’।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।