উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। ৩১ অক্টোবর দুপুরে থানা রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের যেকোনো ধরনের অব্যবস্থাপনা দূর করতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, সুনির্দিষ্ট ও পরিকল্পিত কর্মসূচি হাতে নিতে হবে। চিকিৎসাসেবার মান টেকসই ও দীর্ঘমেয়াদী উপায়ে উন্নত করতে তিনি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও জানান, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সচিব এ এন এম বজলুর রশিদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।