উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাকে দেখা যায়নি। আজ সোমবার সকাল আটটায় রাজধানীর জাতীয় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর।
এনসিপির নেতারা জানিয়েছেন, উদ্বোধনী সমাবেশে না থাকলেও পরে গাড়িবহরে যোগ দিয়েছেন দলটির চার নেতা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের লংমার্চে এনসিপির অংশগ্রহণ হচ্ছে প্রতীকী। প্রতিনিধি হিসেবে পাঠানো চার নেতা হলেন হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ ও এস এম সাইফ মুস্তাফিজ।
লংমার্চের গাড়িবহরটি গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গত বছরের জুলাইয়ে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছিল। তবে ১১-দলীয় ঐক্যের নেতারা গোপালগঞ্জে হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দেশবাসীকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। প্রায় ৪২৫ কিলোমিটারের এই যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করবে লংমার্চের গাড়িবহর। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।