উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো এবং থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকে ঢাকা এই প্রস্তাব উত্থাপন করে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং থাইল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিন্তারুচি।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শ্রমিক অভিবাসন, জ্বালানি, কৃষি, সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ, প্রতিরক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতের দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে প্রথম সরাসরি নৌপরিবহন সেবা চালু হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। এই সেবার ফলে পণ্য পরিবহনে সময় ১৫ দিন থেকে কমে চার দিনে নেমে আসবে এবং পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
চাল আমদানি ও শ্রমিক অভিবাসনসহ আলোচনাধীন বিভিন্ন সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। জ্বালানি খাতের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ কৃষিজাত অবশিষ্টাংশ ও কৃষিশিল্পের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানায়। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজনৈতিক যোগাযোগ ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
মানব পাচার, অস্ত্র পাচার, অনলাইন প্রতারণা ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধের হুমকির বিষয়ে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে এবং দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি যৌথ কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় নিতে তারা সম্মত হয়েছে। বৈঠক শেষে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।