উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার ইরানের তেহরানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধিদল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবর অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে এই দলটি তেহরানে এসেছে।
ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে শান্তি আলোচনা টিকিয়ে রাখতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করে যাচ্ছে।
বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে তেহরান কাতার ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে। এদিকে কাতারের প্রতিনিধিদলের সফরের এক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো একটি চিঠি পায় তেহরান।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিটি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির উদ্দেশে দেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চিঠিতে শান্তিচুক্তির সুনির্দিষ্ট শর্তের পরিবর্তে সম্ভাব্য আলোচনার কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে।