উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বহুতল ভবন ও ফ্লাইওভারের যুগে শহরে শিশুদের খেলার জায়গা কমছে এবং হারিয়ে যাচ্ছে পুকুর ও উঠান। একই ভবনে পাশাপাশি বসবাস করলেও অনেকের সঙ্গে প্রতিবেশীর পরিচয় হচ্ছে না, ফলে আবাসিক এলাকা হয়ে উঠছে কেবল ঘুমানোর জায়গা। নগরায়ণের এই ধারার পরিবর্তন চেয়ে মানুষে মানুষে মেলামেশা, খেলাধুলা ও প্রতিবেশী সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নগর-পরিকল্পনাবিদেরা। বিশ্ব শহর দিবস উপলক্ষে আজ শুক্রবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
মূল প্রবন্ধে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাড়া-মহল্লা, পুকুর, উঠান ও খেলার মাঠ একসময় দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট, উন্মুক্ত স্থান দখল এবং বিচ্ছিন্ন আবাসনব্যবস্থার বিস্তারে এসব সুযোগ আজ সংকুচিত হচ্ছে। তিনি বলেন, আমাদের নগরায়ণ দর্শন হতে হবে বাংলাদেশের মাটি, পানি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। উন্নয়ন মানে শুধু বহুতল ভবন নির্মাণ নয়, বরং মানুষের জন্য একটি সুস্থ ও মানবিক জীবন নিশ্চিত করা।
আইপিডির পক্ষ থেকে বলা হয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান কমে যাওয়ায় শিশু-কিশোরদের স্বাভাবিক সামাজিক বিকাশের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের জীবন ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং ও ডিজিটাল পর্দায় সীমাবদ্ধ হয়ে পড়লে দলগত কাজ ও নেতৃত্বের মতো সামাজিক দক্ষতা বিকাশের সুযোগ কমে যায়। এই পরিস্থিতিতে পুকুর-উঠান-পাড়াভিত্তিক নগরায়ণ ধারণাকে আধুনিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এতে পুকুর হবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পানি ব্যবস্থাপনার অংশ, আর উঠান ও উন্মুক্ত স্থান হবে মানুষের মেলামেশার ক্ষেত্র।
আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ বলেন, শুধু জিডিপির বৃদ্ধি বা বড় অবকাঠামো নির্মাণকেই নগরায়ণ বলা চলে না এবং প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। বিআইপির সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, উন্নয়ন দর্শনের বদলে ব্যবসায়িক ও গোষ্ঠী স্বার্থ নগরের উন্নয়ন পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করছে। নগরের সংকট মোকাবিলায় পুকুর, খাল ও জলাভূমির আইনগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ব্যবস্থাপনায় পাড়া-মহল্লার মানুষকে যুক্ত করার সুপারিশ করেছে আইপিডি। আলোচনায় আরও অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ উল্লাহ, প্রকৌশলী তোফায়েল আহমেদ, আইপিডির রিসার্চ ফেলো কে এম আসিফ ইকবাল, পরিকল্পনাবিদ জিনিয়াস জান্নাত ও কাজী তাসনিয়া তাবাসসুম।