উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।
সমাবেশ থেকে দুই মাসব্যাপী জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্যচুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো ধারাবাহিকভাবে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়। বক্তারা আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবিও জানান।