উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি আয়োজিত আট দলীয় GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সিজন-৪-এর প্রথম সেমিফাইনাল। হাইভোল্টেজ এ ম্যাচে প্রতিপক্ষ BCSP সদরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি। শুক্রবার ৩০ অক্টোবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সেমিফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে এবং দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভাজনদী শিকদার ফুটবল একাডেমি এবং শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচে ভাজনদী শিকদার ফুটবল একাডেমির হয়ে চিশতিয়া দুটি গোল করেন এবং অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির কর্ণধার মো. হানিফ মণ্ডল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী টগর মণ্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ ও নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামছুল হুদা হুদু, কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ এবং হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।