উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ চলতি অর্থবছরে দুটি চিতাবাঘ কেনার নতুন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চিড়িয়াখানার দীর্ঘদিনের নিঃসঙ্গ তিন সিংহ, দুই হায়েনা ও তিন উল্লুক কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব প্রাণী কেনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম। গত অর্থবছরে চিতাবাঘ কেনার উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা ব্যর্থ হয়েছিল।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, বর্তমানে একটি চিত্রা হায়েনা ও একটি ডোরাকাটা হায়েনার কোনো সঙ্গী নেই। এছাড়া আফ্রিকান সাদা সিংহ দীপ ২০২২ সাল থেকে এবং মুক্তা ও ডেইজি যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সাল থেকে সঙ্গীহীন রয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে একা থাকা উল্লুকটির জন্যও সঙ্গী আনা হচ্ছে। এসব প্রাণীর নিঃসঙ্গতা দূর করতে এবং প্রজননের ব্যবস্থা করতে তিন সিংহ, দুই হায়েনা ও তিন উল্লুক কেনার জন্য দরপত্র দেওয়া হয়েছে।
গত ১২ অক্টোবর ইজিপিতে দরপত্র দেওয়া হয় এবং ২৬ অক্টোবর তা উন্মুক্ত করা হয়। বর্তমানে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মূল্যায়ন করা হচ্ছে এবং সব প্রক্রিয়া শেষে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে প্রাণীগুলো দেশে আসতে পারে। এর আগে গত অর্থবছরে চিতাবাঘ আনা সম্ভব না হলেও দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড ও দুটি ওয়াইল্ড বিস্ট আমদানি করা হয়েছিল, যা বর্তমানে সুস্থ ও ভালো আছে।