উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চের কর্মসূচি গ্রহণ করেছে। আগামী শনিবার সকাল সাতটায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে এই লংমার্চ শুরু হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
জামায়াত নেতাদের প্রত্যাশা, লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে। ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া পর্যন্ত ১৯টি জেলার ওপর দিয়ে এই যাত্রা সম্পন্ন হবে। পথিমধ্যে নাওডোবা, বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহে পথসভা অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।
সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিকে সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। লঙমার্চ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ডিআইজিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আগের দুটি লংমার্চের তুলনায় এবার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বেশি পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লংমার্চের পথ গোপালগঞ্জের মধ্য দিয়ে যাওয়ায় নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও আয়োজকরা একে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না। ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারের প্রতি জনগণের আস্থা কমছে বলেই বিরোধী দলের কর্মসূচিতে মানুষ বেশি অংশগ্রহণ করছে বলে তিনি মন্তব্য করেন।