উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে রেখে তারা এখনও ১৮৩ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। দ্বিতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ২৩৪ বলে ১১টি চারে ১০৫ রানে আউট হন সাদমান। দলীয় ২২১ রানে সাদমান ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস।
দলের পক্ষে লিটন দাস ৩৪, তাওহিদ হৃদয় ৪২, মোমিনুল হক ২৮, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ এবং মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান ২৩.৪ ওভার বল করে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ব্রান্ডন কিংকে ১৫ রানে আউট করেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান ওপেনার জন ক্যাম্পবেল ও তেজনারায়ন চন্দরপল। চা-বিরতির সময় ক্যাম্পবেল ৫৩ ও চন্দরপল ২১ রানে অপরাজিত আছেন।