উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক মজুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিন হাজার জনবল নিয়োগ দেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে অস্থায়ী ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই হাজার ২৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক হাজার ৪০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মূলত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনার জন্য এই তিন হাজার ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। দুই সিটিতে এই নিয়োগের প্রস্তাবে ১২ অক্টোবর অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দুই সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিয়োগে কোনো অনিয়ম হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। জরুরি প্রয়োজনে প্রকৃত চাহিদার আলোকেই কেবল দৈনিক মজুরি ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই জনবল নিয়োগ দেওয়া যাবে না এবং অনুমোদিত সংখ্যার অতিরিক্ত কোনো জনবল নেওয়া যাবে না।
কোনো অবস্থাতেই মাসিক ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না, অবশ্যই দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করাতে হবে। নতুন এই কর্মীদের মজুরি দিতে হবে সিটি করপোরেশনের নিজস্ব বাজেট থেকে এবং এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বাড়তি কোনো অর্থ চাওয়া যাবে না। অর্থ বিভাগের নীতিমালা অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন শ্রমিকের দৈনিক মজুরির হার আটশ টাকা। সে হিসাবে মাসে একজন শ্রমিকের মজুরি দাঁড়াবে ২৪ হাজার টাকা।
বিপুলসংখ্যক এই জনবল কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করেনি দুই সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান জানান, কী প্রক্রিয়ায় জনবল নিয়োগ দেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি এবং বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তাঁদের পর্যাপ্ত জনবলের তীব্র প্রয়োজন রয়েছে।