উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আশুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন ধরনের বৃক্ষের চারা বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
উদ্বোধনকালে মো. জসিম উদ্দিন বলেন, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে বাড়ির আঙিনায় একটি করে বৃক্ষরোপণ করতে হবে এবং সন্তানের মতো গাছের পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত সকলে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।