উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন যে, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে বলে জানান তিনি। রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও হকাররা ফিরে আসায় ডিএসসিসি এই কঠোর অবস্থান নিয়েছে।
আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় এবং অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
পুনর্বাসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক আবদুস সালাম বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একা নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে সুযোগ দেওয়া যেতে পারে এবং বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।
এদিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মুক্তিযোদ্ধা মার্কেটের গলি ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।