উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ও বেসরকারি খাতের বিনিয়োগে অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ’র উপদেষ্টা কাজী সারওয়ার হাবিব। তিনি বিশিষ্ট ব্যবসায়ী, বিজিএমইএ-র উপদেষ্টা এবং ১৪ বারের এনআরবি-সিআইপি হিসেবে গত চল্লিশ বছর ধরে জাপানে বসবাস করছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে টোকিওর তারকা হোটেল নিউ ওতানিতে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবালের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ হিসেবে প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে। কাজী সারওয়ার হাবিব জানান, বাংলাদেশ বিশ্বমানের পোশাক তৈরি করলেও জাপানের বাজারে আমরা এখন পর্যন্ত মাত্র ১.৪ বিলিয়ন ডলার রফতানি করতে পেরেছি। এ বছর বিজিএমইএ-তে ‘জাপান ডেস্ক’ ওপেন হয়েছে এবং ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো জাপানি রাষ্ট্রদূত বিজিএমইএ ভিজিট করেছেন। তারা আমাদের কাছ থেকে আগামীতে ৩ থেকে ৫ বিলিয়ন ডলারের পোশাক কেনার আশা দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জাপান সফরকে একটি ‘স্বপ্নের মতো সফর’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, টোকিওতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও গভর্নর মোস্তাকুর রহমানের সাথে জাপানি ব্যবসায়িক নেতৃবৃন্দের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই সফরে প্রায় ৬.৩ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে অর্থনীতি আরো শক্তিশালী হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের ব্যবসাবান্ধব নীতি জাপান সরকারকে বাংলাদেশে বিনিয়োগে আরো বেশি উৎসাহিত করছে।
জাপানি বিনিয়োগকারী ও বায়ারদের বাংলাদেশে ধরে রাখতে এবং তাদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার তাগিদ দিয়েছেন এই ব্যবসায়ী নেতা। জাপানের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইউনিক্লো ও মুজি-এর পক্ষ থেকেও বর্তমানে কর্মরত জাপানি ও বাংলাদেশী কর্মীদের অনুপাত এবং ভিসা দীর্ঘসূত্রিতা কমানোর বিষয়ে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সরকারের উচিত প্রাইভেট সেক্টরের অভিজ্ঞদের সাথে নিয়ে এসব ছোটখাটো বাধা দূর করা।