উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি জানান, ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সমাধান করা হয়েছে।
নির্বাচনী দায়িত্বে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে মোতায়েন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে তিনি মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয় এবং জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়, যা অনেক দেশের জন্য অচিন্তনীয়। নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে এবং দেশে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে জানান তিনি।