উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের এই তথ্য তুলে ধরা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা এবং ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা। এছাড়া একটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৮১ পয়সা, এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার অভিযোগ যাচাই করার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে। বৈঠকে উৎপাদনকারীরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করেন না এবং পণ্য কয়েক হাত বদল হয়ে ভোক্তার কাছে আসে বলে ব্যাখ্যা দেওয়া হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।