উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে ট্রাইবেকারে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রৌহা ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল। খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুক্রবার ২৩ অক্টোবর দৌলতপুর উপজেলার খলসী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের উপস্থিত থাকার কথা ছিল এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী শায়লা কবির। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ফাইনালে খলসী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয় এবং নির্ধারিত খেলা শেষে ট্রাইবেকারে রৌহা ২ নম্বর ওয়ার্ড দল জয়লাভ করে। খলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন এবং সদস্য সচিব মো. রানা আহাম্মেদ লিটন বলেন, সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলাটি একটি মিলনমেলায় পরিণত হয় এবং ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।