উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ‘ক্লিন স্কুল টিম’-এর মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকার ২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
এ কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুলে ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু ঝুঁকি রয়েছে কি না তা দেখা, সাপ্তাহিক পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং বাসায় পরিচ্ছন্নতার চর্চা চালুর পরিকল্পনা করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বিদ্যালয়ের নিয়মিত রুটিন অনুযায়ী প্রতিদিন ছোট ছোট দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, করিডর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কার করবে।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মডেল বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। স্কুলে ঝুঁকিপূর্ণ স্থান ও সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপের অগ্রগতি চেকলিস্টে লিপিবদ্ধ করা হবে।
‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট দেওয়া হবে, যেখানে ঘর গুছিয়ে রাখা ও বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয় থাকবে। বিদ্যালয়গুলোয় পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করার ব্যবস্থা করা হবে এবং সেরা বিদ্যালয় ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণে এ কর্মসূচি বাস্তবায়নের আগে প্রায় তিন মাস গবেষণা করা হয়েছে এবং গত ৮ জুলাই ‘ক্লিন স্কুল টিম’ গঠন করা হয়।