উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের পার্বতীপুরে জমির পরিশোধ ও পারিবারিক রাস্তার জেরে সৃষ্ট বিরোধের জেরে মারামারির ঘটনায় মনোজ কুমার রায় (৫৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত মনোজ কুমার রায় চিরিরবন্দর উপজেলার চক সুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি চিরিরবন্দর থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক ও পারিবারিক রাস্তার জ্যামিতি বা জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্ত ফরহাজ হোসেন, আশিকুজ্জামান আলো মিয়া, আসাদুজ্জামান ও আল-রোমানরা আজিজুল হকের বাড়িতে উপস্থিত হন। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত প্রধান শিক্ষক মনোজ কুমার রায়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহা. জেদান আল মূসা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহা. আনোয়ার হোসেন, পিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুজ্জামান আলো মিয়া (৩৫) ও আসাদুজ্জামান (৩২), উভয় পিতা-মোজাহার হোসেন, সাং-সোনাপুকুর নয়া মোল্লাপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।