উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বুধবার বেলা ১১টার দিকে তিনি কেইপিজেড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এরপর বেলা সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার জানান, খুব দ্রুত এই জোনের কার্যক্রম শুরু হবে এবং আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কারখানাটি চালু করা সম্ভব হবে। এ সময় তার সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানম উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।