উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুর ধানহাটা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিক্যাল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি মু. নূরুজ্জামান লিটন।
তিনি তার বক্তব্যে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনার নৃশংস চিত্র তুলে ধরেন। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মো. শামীম উদ্দিন, দুর্গাপুর পৌরসভা জামায়াতের আমির মো. নূর আলম এবং উপজেলা নায়েবে আমির অধ্যাপক মো. ফজলুল বারী সোহরাব।
এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. মুক্তাদির মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মেম্বার পদপ্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।