উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর সদর উপজেলার বেগমপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত বুধবার সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর সাত্তালা গার্মেন্টস-সংলগ্ন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাশের একটি শৌচাগারে গেলে শিশুটিকে সেখানে আটকে রাখার অভিযোগ ওঠে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এ সময় শৌচাগারের দরজা বন্ধ করে দেওয়া হলে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় এবং তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল, যদিও আগের অভিযোগের বিষয়ে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।