উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রানুকুর মনে আছে, ছোটবেলায় পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় উইনস্টন আঘাত হানার সময় দ্বীপের বাসিন্দারা আশ্রয় নিতে পাহাড়ের উঁচু অংশে উঠে গিয়েছিলেন। সেই রাতের স্মৃতিচারণা করে তিনি বলেন, ভয়ংকর ছিল সেই রাত। তিনি আরও বলেন, গ্রামের প্রধান যখনই এ বিষয়ে বলেন, আমরা সবাই উঁচু জায়গায় চলে যাই, কাউকে ফেলে দেওয়া হয় না।
দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তাব অধিকাংশ বাসিন্দা প্রত্যাখ্যান করায় ২০২৫ সালে সেরুয়া গ্রামের মানুষ হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি নামের একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিলে দুর্যোগের ঝুঁকি কমানোর পরিকল্পনা তৈরি করেন। তাদের লক্ষ্য ছিল, পূর্বপুরুষের বসতভিটা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা। প্রতিবেদনে বলা হয়, দ্বীপটির প্রায় ২০ শতাংশ বাড়িঘর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
উচ্চ জোয়ার ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের সময় সমুদ্রের পানি প্রতিরক্ষা দেয়াল উপচে দ্বীপে প্রবেশের ঘটনা বাড়ছে এবং মাটিতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় উর্বরতা কমছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্বীপটিতে ঢেউয়ের শক্তি কমিয়ে দেওয়ার মতো প্রাকৃতিক বাধার অভাব রয়েছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর দ্বীপটির বাসিন্দারা দ্রুত নিজেদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর কাজে নেমে পড়েন এবং অক্টোবরে এএফপির সাংবাদিকেরা দ্বীপটি পরিদর্শনের সময় শ্রমিকদের বাড়িঘর সংস্কার করতে দেখা যায়। স্থানীয়দের ভাষায় এখানকার সূর্যাস্তের দৃশ্যের মূল্য ১০ কোটি ডলার। এত ঝুঁকি সত্ত্বেও অধিকাংশ বাসিন্দা তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার বদলে সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চান।