উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশান ও বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা। আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রথমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেরিনা ইয়াসমিন এবং অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনী। প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার নানা বই এখানে রয়েছে। সৃজনশীল সাহিত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ, অনুবাদের বৈচিত্র্যময় গ্রন্থের সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে এবং সবার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ আর ব্র্যাক ব্যাংকের কিউআর ব্যবহার করলে আরও অতিরিক্ত ২ শতাংশ ছাড়ে বই কেনা যাবে। দেশের অন্যান্য প্রকাশনীর বইয়ে থাকছে ২০ শতাংশ ছাড়। সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের কর্মীরা মেলা প্রাঙ্গণে ভিড় করছিলেন এবং কেউ ঘুরে ঘুরে বই দেখছিলেন বা কিনছিলেন। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের অনুপমা জামান প্রথম আলোকে বলেন, কর্মব্যস্ততা কাটিয়ে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা কষ্টকর হলেও হাতের নাগালে এভাবে বই চলে আসাটা সময়োপযোগী সিদ্ধান্ত। দুদিন অফিসে ওঠানামার সময় বই নেড়েচেড়ে দেখতে পারার বিষয়টি আনন্দের।