উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। গতকাল সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই দাবি করে বলেন, গত ১৬ সেপ্টেম্বর বারিধারার একটি বাড়িতে এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। রাশেদ খাঁন আরও লেখেন, যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দাতার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে তা গোলাম পরওয়ারের পরিষ্কার করা উচিত। অন্যথায় ধরে নেওয়া হবে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী এবং এর পক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াত জানিয়েছে, যিনি বা যাঁরা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাঁদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে সম্পর্ক বজায় রাখে। মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অভিযোগের সত্যতা জাতির সামনে প্রমাণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতেই দলের সেক্রেটারি জেনারেলকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের গণমাধ্যমগুলোকে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাইপূর্বক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে দলটি। অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস কখনোই সফল হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।