উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌর সরঞ্জাম আমদানিতে বাংলাদেশের ১ শতাংশ শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত দেশটির নবায়নযোগ্য জ্বালানি খাতে অস্ট্রেলীয় বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মারে স্পেন্স। বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তবে এই সুযোগকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তর করতে নীতির ধারাবাহিকতা, অনুমেয় বা সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামো এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য হবে। সৌর সরঞ্জামের ওপর বাংলাদেশের ১ শতাংশ আমদানিশুল্ক নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে একটি বড় প্রণোদনা তৈরি করতে পারে-যদি বিনিয়োগকারীরা এর স্থায়িত্বকাল ও ভবিষ্যৎ প্রয়োগ সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ধারণা পান।
নীতির এই স্থায়িত্ব স্থানীয় ব্যবসাদের যন্ত্রাংশ আমদানি, সংযোজন কারখানা স্থাপন এবং অস্ট্রেলীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্বে জড়িত হওয়ার বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। চার দিনের সরকারি সফর শেষে আজ ঢাকা ত্যাগ করা মারে স্পেন্স উল্লেখ করেন যে, এই পদক্ষেপটি বিশেষ করে বিদ্যুৎ খরচ কমাতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে চাওয়া রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য বিশেষভাবে সুবিধাজনক হতে পারে। তিনি বলেন, সরঞ্জামের খরচ কমে গেলে তা সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধন বিনিয়োগ কমিয়ে দেয়, যা প্রকল্পের লাভজনকতা বা সক্ষমতা বৃদ্ধি করতে পারে।
বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের এই সম্পৃক্ততা সরাসরি তৈরি সৌর সরঞ্জাম রপ্তানির বাইরেও নতুন সম্ভাবনার পথ দেখাবে বলে জানান তিনি। অস্ট্রেলীয় কোম্পানিগুলো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ, প্রযুক্তি লাইসেন্সিং, স্থানীয় উৎপাদন অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সেবা চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে পারে। এ ধরনের অংশীদারিত্ব নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, ব্যাটারি স্টোরেজ এবং সিস্টেম ইন্টিগ্রেশনে অস্ট্রেলিয়ার দক্ষতাকে বাংলাদেশের শিল্প সক্ষমতা এবং স্থানীয় বাজারের অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করবে।
শুল্ক কমানোর ফলে প্রাথমিক প্রকল্প ব্যয় হ্রাস স্পেন্স সতর্ক করে বলেন যে, দীর্ঘমেয়াদি ও টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কেবল শুল্ক ছাড়ই যথেষ্ট নাও হতে পারে। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য প্রকল্প অনুমোদন, বৈদেশিক মালিকানা, করারোপ, চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা এবং মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের স্পষ্ট ও স্বচ্ছ নিয়মনীতি থাকা আবশ্যক। ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস) সূত্রে এসব তথ্য জানা গেছে।