উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দামুড়হুদার দর্শনা যুব সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার সময় দর্শনা পৌরসভার শান্তিনগর সুগন্ধা মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো এলাকাটি একটি জমজমাট ফুটবল উৎসবে পরিণত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, মেয়র মনোনয়ন প্রত্যাশী ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাব, যেখানে দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠে চরম উত্তেজনা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পরবর্তীতে পেনাল্টি শুটআউটে ৪-৫ গোলের ব্যবধানে আনন্দ যুব সংঘ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেয়।