উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন মানুষ। মঙ্গলবার চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত নিয়ন্ত্রণাধীন রাজধানী হিসেবে পরিচিত। শহরের এক বাসিন্দা জানান যে সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে এই ড্রোন হামলা চালানো হয়।
নিয়ালার এক হাসপাতালের চিকিৎসাকর্মী জানান, গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে ঠিক কতজন আরএসএফের সদস্য ছিলেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ চলে আসছে। এই দীর্ঘ সংঘাতে দেশটিতে ইতিমধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।