উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। আজ মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব। বক্তব্য শেষে তিনি ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ আয়োজনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়েকে ধন্যবাদ জানান এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: কামরুজ্জামান, এনডিসি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশীদ ভূঞা এবং হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাইদা আফরোজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।