উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে ১১–দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন এবং কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে সরকার নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উৎকণ্ঠা রয়েছে বলে জানান তিনি।
এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি সম্পন্ন হয়।