উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সকালের সময়-A স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম শাহীনের মুঠোফোন কেড়ে নেওয়া ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ট্রাফিক সার্জেন্ট সাখাওয়াত হোসেন ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই সাংবাদিক। গত ১৬ অক্টোবর বিকেল ৪টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় পাবলিক টয়লেটের সামনে দুটি অটোরিকশাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।
সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, অটোরিকশা নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে চালকদের কথা-কাটাকাটির ভিডিও ধারণ করার সময় সার্জেন্ট সাখাওয়াত হোসেন তাঁর হাত থেকে মুঠোফোনটি নিয়ে নেন। সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখানোর পরও তাঁকে জোরপূর্বক ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জেন্ট সাখাওয়াত হোসেন তাঁকে তুই-তোকারি করে কথা বলেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ করা হয়।
পরে বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিআই মাহবুব সিভিল পোশাকে উপস্থিত হয়ে সম্পাদককে ফোন করে পরিচয় নিশ্চিত করার পর মুঠোফোন ও পরিচয়পত্র ফেরত দেন। এদিকে সাংবাদিক বক্সের ভেতরে বসা অবস্থায় ধূসর রঙের গেঞ্জি পরা এক যুবককে কয়েকজন পুলিশ সদস্য ও সার্জেন্টের কিল-ঘুষি মারতে দেখার দাবিও করেন। বাইরে লোকজনের কাছে তিনি জানতে পেরেن যে ওই যুবকও ছবি তুলেছিলেন, যাঁর বাড়ি বরিশালের ভোলায় বলে তিনি জানতে পেরেছেন।
এর আগে গত মাসের শেষ দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিআই মাহবুবের কাছে অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে মাছ বিক্রির বিষয়ে বক্তব্য নিতে গিয়েছিলেন শাহীন। তখন টিআই মাহবুব এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না বলে জানান এবং ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সাংবাদিককে হেনস্তা, মুঠোফোন কেড়ে নেওয়া এবং পুলিশ বক্সে যুবককে মারধরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।