উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বিগ ব্যাশের ১৬তম আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি পত্র চেয়েছেন মুস্তাফিজ। আজ ঘরোয়া ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম চলাকালে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য এনওসি চেয়েছেন মুস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তামিম। এদিকে বিবিএলের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ।
আগামী আসরেও রিশাদ হোবার্টেই থাকছেন এবং গত মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ শিকারী ছিলেন এবং মৌসুম শেষে প্লেয়ার অব দা ইয়ারের স্বীকৃতি পেয়েছিলেন রিশাদ। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।