উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভার থেকে বাসে সদরঘাট যাওয়ার পথে রাজধানীর শ্যামলী এলাকায় তীব্র যানজটে পড়েন মো. আজমল আলী। আসাদগেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি জানান, দুই কিলোমিটার পথ আসতে তাঁর ৪৫ মিনিট সময় লেগেছে।
আজ সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এই কর্মসূচি পালনের জন্য সকাল থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে ওই এলাকায় জড়ো হন।
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় বিজয় সরণির নভোথিয়েটারের সামনে নেতা–কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলের কারণে বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি ও মিরপুর রোডে যানবাহন ধীরগতিতে চলে।