উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আখাউড়া প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলামের পাঠানো তথ্যানুযায়ী, তিতাস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সুমন শাহীন শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা ঘটিকায় এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন আবদু।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার ইউনিয়ন প্রশাসক জনাব ফজলুর রহমান এবং সভাপতিত্ব করেন তিতাস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ ভূঁইয়া মাসুম। আজকের এই মেগা ফাইনালে ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম আমিন খান স্পোর্টিং ক্লাব দুর্গাপুর দল মুখোমুখি হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ড্রাগন স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে আমিন খান স্পোর্টিং ক্লাব ১১৮ রানে তাদের ইনিংস শেষ করে, যার ফলে ড্রাগন স্পোর্টিং ক্লাব ২২ রানে বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি জয়নাল আবেদীন উভয় দলের খেলোয়াড়দের হাতে দলগত ট্রফি তুলে দেন। এই ম্যাচে ড্রাগন স্পোর্টিং ক্লাবের প্রান্ত ম্যান অব দ্যা ম্যাচ এবং আমিন খান স্পোর্টিং ক্লাবের আক্তার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি জয়নাল আবেদীন এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিতাস স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।