উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের জাকিয়া এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক কিনে জমিতে ব্যবহার করে অসুস্থ হয়েছেন মো. আশরাফ আলী নামের এক কৃষক। তিনি বেতুয়ান গ্রামের মো. সোরাপ প্ররামানিকের ছেলে এবং কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতের কয়েকটি আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়ে। দীর্ঘ তিন মাস ধরে চিকিৎসা নিয়েও তাঁর হাতের আঙুলগুলো এখনো ভালো হয়নি। সোমবার ২৬ অক্টোবর ওই কীটনাশকের দোকানে অভিযোগ জানাতে গেলে দোকানের মালিক আব্দুল জব্বারের সঙ্গে কৃষকের বাদানুবাদ হয়।
এ সময় দোকানমালিক ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চান এবং ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত হয়ে দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ কীটনাশক দেখতে পান। পরে বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তবে তাঁর পৌঁছানোর আগেই দোকানমালিক আব্দুল জব্বার কৌশলে সেখান থেকে সরে যান। অভিযুক্ত দোকান মালিককে না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ভুক্তভোগী কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।
কৃষক আশরাফ আলীর অভিযোগ, প্রায় দুই তিন মাস আগে জমিতে ব্যবহারের সময় কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতে সংক্রমণ দেখা দেয় এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিলের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ভুক্তভোগী এখনো থানায় আসেননি এবং থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।