উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রামে ৩১১ জন এবং সিলেটে ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে, যার মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি হামের কোনো উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন তারা।