উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সেই ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করার কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি টিমকে অনিয়ম দেখলে আইনগত ব্যবস্থা নেওয়া ও কঠোর জরিমানা করার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সভায় জানানো হয়, হাতিরঝিলসহ বিভিন্ন লেকের সৌন্দর্য ফেরাতে এবং উত্তর সিটির ২৯টি ও দক্ষিণ সিটির ২৬টি খাল পুনঃখননের কাজ চলছে। চুরি রোধ করতে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।